ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম। তিনি ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) নিজেই বিষয়টি নিশ্চিত করেন মেঘনা আলম। এর আগে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। তবে ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি, যাতে রাস্তাঘাটে চলাচলের সময় কোনো নারী হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।
এছাড়া তিনি বলেন, এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে নিরাপদ হাঁটা ও সাইকেল ব্যবহারের উপযোগী পরিবেশ তৈরি করা হবে। ঢাকা-৮ এলাকার বাসিন্দাদের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন, সামাজিক সচেতনতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধিকেও তিনি তার নির্বাচনী অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।


Social Plugin